আবু নাছের:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রায় ২০০ গজ দক্ষিণে জোরখালী-শিকিরচর সড়কের পাশের খালটি ময়লার স্তূপে পরিণত হচ্ছে। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন এ খালটি সম্প্রতি পরিষ্কার করা হলেও আবারও খালে ফেলা হচ্ছে পলিথিন, প্লাস্টিকসহ নানা ধরনের ক্ষতিকর বর্জ্য।
সরেজমিনে দেখা যায়, খালের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পলিথিন, প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্য। এতে একদিকে যেমন খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে পরিবেশ দূষণের ঝুঁকিও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে ময়লা-আবর্জনা সংগ্রহ না করায় অনেকেই বাধ্য হয়ে খাল ও আশপাশের স্থানে বর্জ্য ফেলছেন। এতে অল্প সময়ের মধ্যেই সদ্য পরিষ্কার করা খালটি আবারও আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “পৌরসভা থেকে নিয়মিত ময়লা না নেওয়ার কারণে অনেকে বাধ্য হয়ে খালের পাশে ময়লা ফেলছেন। এতে খালটি আবারও নোংরা হয়ে যাচ্ছে।”
স্থানীয়রা বলছেন, খালটি মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ। তাই খালে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত ময়লা সংগ্রহের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে খালে ময়লা ফেলা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় নজরদারির দাবি জানিয়েছেন তারা।
পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে সদ্য পরিষ্কার করা এ খালটি অচিরেই স্থায়ী ময়লার ভাগাড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের