জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে সার বিক্রির অপ রাধে ‘রিয়া ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী নিপেন্দ্র নাথ মাহাতোকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নিমগাছি বাজারে অবস্থিত রিয়া ট্রেডার্স নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) রায়গঞ্জ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় দোকানটিতে অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ বস্তা টিএসপি (TSP), ৭ বস্তা ইউরিয়া এবং ৫ বস্তা এমওপি (MOP) সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিম হোসেন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
অভিযান শেষে জব্দকৃত সারগুলো সাধারণ কৃষকদের মাঝে নির্ধারিত ও ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। সার বিক্রির পুরো প্রক্রিয়াটি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিন ও মো. সেলিম রেজার তত্ত্বাবধানে পরিচালিত হয়।
কৃষকের স্বার্থ রক্ষায় এবং সারের অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।