এম.এ.এইচ রাকিবুল ইসলাম, ত্রিশাল প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কানিহারি ইউনিয়নের তিরখী এলাকায় কালীরবাজার-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজিচালক জসিম (৩৮) ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। নিহত অপরজন একজন নারী যাত্রী। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জসিম যাত্রী নিয়ে গফরগাঁও থেকে কালীরবাজার হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে তিরখী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক জসিম ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা দুই নারী ও তিন পুরুষ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী যাত্রী মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় জড়িত বালুবাহী ড্রাম ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ট-২৪-১৩৬৬। ট্রাকটির চালক দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিরখী এলাকায় বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক জসিম ঘটনাস্থলেই মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া যায়। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।