ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় ইমাম হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ইমাম হোসেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইমাম হোসেন ত্রিশাল উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।