• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Lovelu / ২৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

কুমিল্লার দেবীদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগে আটক ইমন মিয়া (২৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ইমনের মা পিয়ারা বেগম এবং তাঁর আট মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান। এ ঘটনায় শিশুটির মা ও ইমনের ভাবি রাবেয়া বেগম গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তাঁর মা পিয়ারা বেগমকে কোপান। এরপর আট মাস বয়সী ভাতিজি ইসরাত জাহানকে আছাড় দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে এলে তাঁকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিয়ারা বেগম ও শিশু ইসরাত জাহানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাবেয়া বেগমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর স্থানীয় লোকজন ইমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় দেবীদ্বার থানায় ২১ সেপ্টেম্বর মামলা নম্বর ৩১ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০২, ৩২৫ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার আসামি ইমন মিয়া (২৯), পিতা মৃত ফরিদ উদ্দিন ও মাতা মৃত পিয়ারা বেগম, বড়শালঘর (মোস্তফা মাস্টার বাড়ি), দেবীদ্বার, কুমিল্লা।

পরে ইমনকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার বিধান অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৪ এর বিচারক সায়মা শরীফ নিশাতের আদালতে হাজির করা হয়। আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জবানবন্দিতে ইমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানা গেছে। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশি নিরাপত্তায় তাঁকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

এদিকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category