নিজস্ব প্রতিবেদক:
মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে এক মাদক বিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার বিকালে নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালি বরো করা হয়। এর আগে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামিউল বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলিমুল হক প্রধান।
ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সারোয়ার, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আল আমিন, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম জয় প্রমুখ। এসময় ইসলামাবাদ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ সামিউল বাশার বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সন্তানদের প্রতি নজরদারি ও বন্ধুত্বপূর্ণ আচরণ বাড়াতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে। আসুন, আমরা সবাই মাদককে না বলি এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি।
#