আবু নাছের :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬আগস্ট)বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী শিক্ষক আবু নাছের, সহকারী শিক্ষক মনির হোসেন ও ধর্মীয় শিক্ষক কামাল উদ্দিন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, মানবিকতা, সহনশীলতা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে নিজেদের চরিত্র গঠনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে দরুদ ও সালাম পাঠের মধ্য দিয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সবার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।