লক্ষীপুর জেলা সংবাদদাতা
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি সিএনজি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টার দিকে জেলার চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটগাছতলা এলাকার সিয়াম এলপিজি ফিলিং স্টেশনের প্রায় ১০০ গজ পূর্বে লক্ষ্মীপুর-চৌরাস্তা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ব্যাপারি বাড়ির মো. মোক্তারুজ্জামান (৩৫), চাঁদপুরের হাইমচর উপজেলার আলগীবাজার ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুর এলাকার সাদেক হোসেন মাল (৩৮), একই উপজেলার গন্ডামারা ইউনিয়নের ব্যাপারি বাড়ির মানিক ব্যাপারি (৩২) এবং রায়পুর উপজেলার চর কাছিয়া এলাকার মাসুদ (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীর পরিকল্পনা, নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেনের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি সিএনজি, একটি স্ক্রু ড্রাইভার, একটি রেঞ্চ, দুটি চাকু, একটি চাপাতি, একটি রামদা, একটি কিরিচ, দুটি কোরাবাড়ি, তিনটি মোবাইল ফোন, দুটি নিক্যাপ, একটি বেডশিটের অংশবিশেষ ও একটি ছেঁড়া লুঙ্গি জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযানের সময় স্বপন (৪০) নামে এক ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন কৌশলে পালিয়ে যায়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন দেশীয় অস্ত্র, সরঞ্জাম, একটি সিএনজি ও মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।