নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় আক্তার হোসেন খোকন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর-২০২৬) দুপুরে উপজেলার সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন নেক্স ফুট অ্যান্ড বেভারেজের বিক্রয় প্রতিনিধি ছিলেন।
নিহত আক্তার হোসেন খোকন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের প্রধানিয়া বাড়ির এলাহী প্রধানের ছেলে। তিনি নেক্স ফুট অ্যান্ড বেভারেজ ও প্রমি ফুট অ্যান্ড বেভারেজের ডিলারশিপ ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। তিনি এক কন্যাসন্তানের জনক।
স্থানীয় বাসিন্দা গোলাম নবী খোকন জানান, বুধবার দুপুরে মোটরসাইকেল নিয়ে মতলব সেতুর দিকে যাচ্ছিলেন আক্তার হোসেন খোকন। এ সময় সাহেব বাজারের দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলি বেপরোয়া গতিতে তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ট্রলিটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আহত খোকনকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
বেড়িবাঁধ সড়কে অবৈধ বালুবাহী ট্রলির বেপরোয়া চলাচল নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। এসব যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ তাঁদের। অবৈধ ট্রলির চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত ট্রলিটি শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
খোকনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একমাত্র কন্যাসন্তানকে রেখে তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।