নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
রোববার (১৮ অক্টোবর) রাতে তিনি উপজেলার ধনাগোদা রায়ের কান্দি শ্মশানসংলগ্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন সতর্ক রয়েছে। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদযাপন করবেন—এটাই প্রত্যাশা।
এ সময় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনে পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসবের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আশাবাদ তৈরি হয়।