আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মনিপাড়ায় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টার দিকে তিনি জলাবদ্ধতাকবলিত মনিপাড়া এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা শুনে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর বৃষ্টির পানিতে মনিপাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এলাকার প্রায় ৬০টি পরিবারের চার শতাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। অনেকের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক বসবাস ব্যাহত হচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটে পানি জমে থাকায় চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
দীর্ঘ সময় পানি জমে থাকায় এলাকায় মশার উপদ্রব বেড়েছে। একই সঙ্গে পানিবাহিত রোগসহ জ্বর, সর্দি-কাশি ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, এ সমস্যার কথা মনিপাড়ার বাসিন্দারা স্থানীয় বিএনপি নেতাদের অবহিত করেন। পরে উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি জানানো হলে সংসদ সদস্য সরেজমিনে এলাকা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান, প্রচার সম্পাদক শফিউল ইসলাম খান আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম রজিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাহাদুল ইসলাম রিপন ভূঁইয়া, ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি শুভ, বাঘড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল শিকদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিব ভূঁইয়াসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে মনিপাড়া পরিদর্শন ছাড়াও সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ কামারগাঁও ও বাঘড়া এলাকার শারদীয় দুর্গাপূজার মণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।