এম.এ.এইচ রাকিবুল ইসলাম,ত্রিশাল (ময়মনসিংহ)
ময়মনসিংহের ত্রিশালে শিশুদের জন্য আধুনিক বিনোদন ও খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে নির্মিত হতে যাচ্ছে ‘স্বপ্নের নজরুল সিটি শিশুপার্ক’। এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামীকাল ২৩ জুলাই (বৃহস্পতিবার)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য ও ত্রিশাল নজরুল সিটির স্বপ্নদ্রষ্টা ড. মাহবুবুর রহমান লিটন, এমপি।
প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রায় ১.৩০ একর জমির ওপর শিশুপার্ক ও খেলার মাঠ নির্মাণ ও উন্নয়ন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, ময়মনসিংহের মালিকানাধীন জমিতে এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে ত্রিশাল পৌরসভা।
সংশ্লিষ্টরা জানান, শিশুপার্কটি নির্মিত হলে ত্রিশালের শিশু-কিশোরদের জন্য একটি আধুনিক ও নিরাপদ বিনোদনকেন্দ্র সৃষ্টি হবে। পাশাপাশি খেলাধুলা, শারীরিক ও মানসিক বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে ত্রিশাল পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পরিবার-পরিজন নিয়ে অবসর সময় কাটানোর জন্য একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে ‘স্বপ্নের নজরুল সিটি শিশুপার্ক’।