এম.এ.এইচ রাকিবুল ইসলাম,ত্রিশাল (ময়মনসিংহ)
৬ আগস্ট (বৃহস্পতিবার) পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য এবং সর্বস্তরের সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
“চলো অভ্যাস বদলাই, যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারি উদ্যোগের বিষয় নয়; এটি প্রতিটি নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব। নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে পারলে একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
তারা আরও বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার মতো সাধারণ অভ্যাস পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি পরিচ্ছন্ন ত্রিশাল গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য।
কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত সবাই “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” এই শপথ গ্রহণ করেন। একই সঙ্গে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত ত্রিশাল তথা বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।