আবু নাছের:
ছাত্রীদের মাসিককালীন স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে মতলব উত্তর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার সিদ্দীকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় এবং নেদায়ে ইসলাম ফাজিল মহিলা মাদ্রাসায় এসব স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়।
মেশিন গুলোর উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম এবং সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারীসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থানকালীন জরুরি প্রয়োজনে সহজেই স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবে। বিশেষ করে মাসিককালীন সময়ে ছাত্রীদের অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতি কমানোর পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ উদ্যোগ সহায়ক হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের মেশিন স্থাপনের মাধ্যমে কিশোরীদের মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং এ বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা, নিরাপদ শিক্ষার পরিবেশ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উপজেলা পরিষদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।