আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) মাদ্রাসার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি মো. ইউসুফ রানা, মাদ্রাসার অধ্যক্ষ এইচ এম আরিফ বিল্লাহ, হযরত মাওলানা আব্দুল কাদির নাঈমী, হযরত মাওলানা হারুন অর রশিদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তব্যের শুরুতে অ্যাডহক কমিটির সভাপতি মো. ইউসুফ রানা আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুর মরহুম হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এ প্রতিষ্ঠানের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
সভায় উপস্থিত বক্তারা মাদ্রাসার শিক্ষার পরিবেশ, মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।