ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে পাঁচটি ভ্রাতৃপ্রতিম সংগঠনের অংশগ্রহণে শুরু হয়েছে ‘তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টের সূচনা হয়।
ত্রিশালের সমমনা ইসলামী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-ইহসান ত্বলাবা পরিষদের সভাপতি মুফতী আশরাফুল হক রাকিব, ইত্তেফাকুত ত্বলাবার সভাপতি মাওলানা ইসহাক মাহমুদ, সুরের উদয়ন শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ৩ নম্বর কাঠাল ইউনিয়ন একতা ও সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি সজিব আহমেদসহ অংশগ্রহণকারী সংগঠনগুলোর দায়িত্বশীলরা।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে আল-ইহসান ত্বলাবা পরিষদ, সুরের উদয়ন শিল্পীগোষ্ঠী, ইত্তেফাকুত ত্বলাবা ত্রিশাল, ৩ নম্বর কাঠাল ইউনিয়ন একতা ও সামাজিক উন্নয়ন সংগঠন এবং আল ইনসাফ সমাজ কল্যাণ ফাউন্ডেশন। উদ্বোধনী ম্যাচকে ঘিরে মাঠে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং বিভিন্ন সংগঠনের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশাও তাঁদের।
আয়োজক সূত্রে জানা গেছে, ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ত্রিশাল নজরুল একাডেমি মাঠে এ টুর্নামেন্ট চলবে। আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।