নিজস্ব প্রতিবেদক
“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সুজাতপুর গ্রামের শান্তিপ্রিয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি সুজাতপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার, যুবদলের সাহিত্য সম্পাদক কবির হোসেন প্রধান, উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম,ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় আমির হোসেন সরকার বলেন,“মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারি।”
সভায় বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।