ডেস্ক নিউজ:
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।মঙ্গলবার (১১ আগস্ট-২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেয়।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অত্যন্ত অনুকূল পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে।
সাক্ষাৎকালে অ্যামচেম প্রতিনিধিরা জানান, দায়িত্ব গ্রহণের পর তাদের নতুন কমিটি বাংলাদেশে অতিরিক্ত মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ।