নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের সামনে নুরুজ্জামান পাটোয়ারীর মার্কেটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।রবিবার( ২৮জুন) আনুমানিক ভোর রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, তাঁর মুদি দোকানে ফ্রিজসহ বিপুল পরিমাণ মালামাল ছিল। এছাড়া একটি দোকানে পেট্রোল ও অকটেনও সংরক্ষিত ছিল। অগ্নিকাণ্ডে তাঁর প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। কিছুই বের করতে পারিনি। সব পুড়ে গেছে।
মার্কেটের মালিক নুরুজ্জামান পাটোয়ারী জানান, আগুনে তাঁর মার্কেটের ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বেপারী, মনির হোসেন ও রাজিব জানান, গভীর রাতে আগুনের খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, সকালে চাঁদপুর যাওয়ার পথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির বিষয়টি জেনেছি। আগুনের কারণ নির্ণয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।