নিজস্ব প্রতিবেদক:
জলাতঙ্কের ঝুঁকি কমাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পথ কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের বাস্তবায়নে ৫ দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইনে প্রায় ৩০০টি পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর-২০২৬) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস,প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এক্সপার্ট ডগ কেচার, ভ্যাক্সিনেটর এবং সার্ভেয়ারসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস জানান, এ কর্মসূচি ৫ দিন ব্যাপি চলবে।প্রায় ৩০০ কুকুরকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে। এ উপজেলায় মোট ৩ টি টিম কাজ করবে। প্রতি টিমে থাকবে এক্সপার্ট ডগ ক্যাচার-২ জন,ভ্যাক্সিনেটর-১ জন ও সার্ভেয়ার-১ জন।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ব্যাপকভাবে কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা গেলে কুকুরের কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে এ প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। কুকুরকে টিকাদানের পাশাপাশি কুকুরের কামড়ের শিকার ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিশ্চিত করা জরুরি। সমন্বিতভাবে এ বিষয়ে সকলকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।