নিজস্ব প্রতিবেদক :
সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, ফ্যাসিবাদের পুনরুত্থান যেন আর কোথাও না হতে পারে, এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই, এই ফ্যাসিবাদ যেন অন্য কোনো ফর্মে পুনর্বাসিত না হতে পারে। কারো দিকে না তাকিয়ে বাংলাদেশের ১৮ কোটি জনগণের দিকে তাকিয়ে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে।আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। এই নতুন বাংলাদেশ সবাইকে নিয়েই গড়ব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ এবং ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল জন সমাবেশ প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,আমরা ১৭ বছর বিরোধী দল ছিলাম এখনও আছি। কিন্তু কিছু কিছু নেতাকর্মীদের ভাব দেখলে মনে হয় যেন বিএনপি ক্ষমতায় চলে আসছে। আবার কিছু কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে আমার কাছে। মানুষের হুমকি ধামকি দেন, মানুষের জমি দখল করতে চান, পুকুরের মাছ ধরে ফেলেন। এগুলো ঠিক নয়, এসব করবেন না। এতে করে দলের বদনাম হবে।
তানভীর হুদা বলেন,আমার নেতা তারেক রহমান এই নির্দেশনা দেন নাই। তার নির্দেশনা হল, মানুষের কাছে যেতে হবে। মানুষকে বিএনপি সম্পর্কে বুঝাতে হবে। সাধারণ মানুষ ১৭ বছর অশান্তিতে ছিলো। সেই অশান্তি থেকে মানুষকে বের করতে হবে। মানুষের সাথে এমন আচরণ করতে হবে যাতে মানুষ বলে এখন ভালো আছি।
তিনি আরও বলেন,জরুরী কিছু সংস্কার শেষে নির্বাচন দিবেন বলে আশ্বাস ব্যক্ত করেছেন উপদেষ্টা সরকার। তাই আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত নিতে হবে। আগামী নির্বাচন হবে একটি পরিপক্ব নির্বাচন হবে। তারেক জিয়ার নির্দেশনা রয়েছে নির্বাচন সামনে রেখে জনমত তৈরি করতে হবে। যাতে করে আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বেছে নেয়।
কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি কবির হোসেন মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান লস্কর, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, বিএনপি নেতা হাফেজ মাওলানা মুজাম্মেল হক।
আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সাংবাদিক নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হালিম সরকার রিংকু, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আহত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।