আবু নাছের:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বাদ আসর উপজেলার পশ্চিম পুটিয়ারপাড় এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার। প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মো. সাইফুল ইসলাম সাগর।
এ সময় বক্তারা ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। বক্তারা বলেন, তাঁর সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ মহান আল্লাহর কাছে দোয়া করছেন।
পরে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, মরহুমদের রুহের মাগফিরাত এবং অসুস্থ ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর দ্রুত রোগমুক্তি ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।