ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ত্রিশাল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরাও আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।প্রধান বক্তা ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম মোশাররফ হোসেন এবং ত্রিশাল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এম এ বাশার।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃর্ধা, জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন, আব্দুল আউয়াল ফরাজি এবং ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন মিলন।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। তাই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের সাফল্যে উৎসাহ দেওয়া সমাজের দায়িত্ব।
অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ঘিরে পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।