মোঃ বেল্লাল হোসাইন নাঈম:
নোয়াখালীর চাটখিল পৌরসভার বদলকোট রোডস্থ আল দুবাই শপিং কমপ্লেক্সের মাসুদুর রহমান এর মালিকানাধীন বসত ঘরের অংশের রুম জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে আপন ছোট ভাই দিদারুল আলম নামের বিরুদ্ধে।
এই ঘটনায় প্রবাসীর স্ত্রী হাজরা বেগম থানায় অভিযোগ দায়ের করেছে।
শুক্রবার বিকেলে উপজেলার চাটখিল পৌরসভা ২নং ওয়ার্ড মল্লিক বাড়ীতে সংবাদ কর্মীদের কাছে অশ্রুসিক্ত নয়নে হুমকি ধামকি ও মারধরের কথা এবং থানায় অভিযোগের বিষয়ে হাজরা বেগম কথা বলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার সুন্দরপুর মল্লিক বাড়ির আব্দুল ওহাবের ছেলে প্রবাসী মাসুদুর রহমান তার ছোট ভাই দিদারুল আলমের সাথে যৌথভাবে চাটখিল পৌরসভার বদলকোর্ট রোডে আল দুবাই শপিং কমপ্লেক্স নামে একটি বিল্ডিং নির্মাণ করে। উক্ত বিল্ডিং এর তার অংশের ভাড়া তার ছোট ভাই দিদারুল আলম দীর্ঘদিন থেকে আত্মসাৎ করে আসছে। দীর্ঘ ১৬ মাসের ভাড়া চাইতে গেলে সে নানাভাবে হুমকি-ধমকি দেয় এবং গায়ে হাত তোলে। এরই জের ধরে গত কিছুদিন আগে মাসুদুর রহমানের মেয়ে মারজাহান আক্তারকে মারধর করে মারাত্মক আহত করে এবং তাদের নামে মিথ্যা মামলা দায়ের করে। মিথ্যা মামলার হাজিরা দিতে গেলে এ সুযোগে দিদারুল আলম গত বুধবার দুপুরে মাসুদুর রহমানের বসত বিল্ডিং এর অংশের সিড়ির রুমের তালা ভেঙ্গে তার সাথে সংযুক্ত করে ফেলে। এ ঘটনায় জিজ্ঞেস করলে সেই প্রাণনাশের হুমকি দেয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।