মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে স্ত্রী নিহত হয়েছে। এঘটনায় স্বামী ও সাত বছরের এক কন্যা সন্তান আহত হয়। শুক্রবার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে চাঁপড়ীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে স্ত্রী মীরা রাণী চক্রবর্তী মারা যান। সে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের চক গোবিন্দ গোহাটি পাড়ার সাগর কুমার মৈত্রীর স্ত্রী।
সাগর কুমার মৈত্রী জানান, সকালে তারা নিজ বাড়ী থেকে শশুর বাড়ী যাবার উদ্দেশ্যে বের হয়। এরপর তারা গোবিন্দগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে বগুড়ায় যাচ্ছিল। পথে ঢাকা-রংপুর মহাসড়কে চাঁপড়ীগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি কোচ অটোরিক্সাটিকে চাপা দিলে সেটি রাস্তার উপরে উল্টে যায়। এ সময় অটোরিক্সা যাত্রী মীরা রাণী নিহত এবং স্বামী সাগর কুমার মৈত্রী ও প্রজ্ঞা নামের সাত বছরের এক কন্যা সন্তান আহত হয়।