আব্দুল মান্নান সিদ্দিকী
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর-২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল হাসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুমাইয়া আফরোজ মুনিরা, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে রপ্তানিমুখী করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের সম্প্রসারণ, নিয়মিত টিকাদান, খামারিদের প্রশিক্ষণ এবং নিরাপদ দুধ, মাংস ও ডিম উৎপাদন নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও হাছিবুর রহমান প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, খামারি ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।