আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আল আমিন আল হেরা আইডিয়াল মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির আসন্ন বৃত্তি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদির নাঈমী। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কামারগাঁওয়ে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলেমন নেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. ইউসুফ রানা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অভিভাবকদের দায়িত্ব শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানো, আর শিক্ষকদের দায়িত্ব তাদের মেধাবী ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা।’ তিনি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন আল হেরা আইডিয়াল মাদ্রাসার ব্যবস্থাপনা পর্ষদের সহসভাপতি মির্জা আলম তালুকদার, সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকী, শাইন পুকুর তানজিম উম্মাহ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শায়খ আনোয়ার হোসাইন মাদানী, মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা আব্দুল কাইয়ুম, আল হেরা আইডিয়াল মাদ্রাসার বাঘড়া শাখার প্রধান শিক্ষক হযরত মাওলানা আব্দুল মমিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, আলামিন বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বেপারী, সাবেক উপাধ্যক্ষ হযরত মাওলানা মো. আলী হায়দার এবং সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলম সিদ্দিকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বৃত্তি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।