আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রশাসনের নির্দেশনা মেনে নিজ অর্থায়নে কৃষিজমির পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ নির্মাণের কাজ শুরু করেছেন জমির মালিক মো. নাজির আহমেদ। তাঁর এ উদ্যোগে স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসী।
সরেজমিনে জানা যায়, শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দয়হাটা গ্রামের দয়হাটা মৌজায় ৫৬ শতাংশ জমির মালিক মো. নাজির আহমেদ। কয়েক দিন আগে প্রয়োজনের তাগিদে তিনি নিজের জমিটি ভরাট করেন। তবে জমি ভরাটের আগে ও পরে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। একপর্যায়ে জমি ভরাটের কাজ শেষ হলে আশপাশের জমির পানি চলাচল ও নিষ্কাশনের বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পরে শ্রীনগর উপজেলা প্রশাসনের নির্দেশনায় নিজের জমির মধ্য দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করতে উদ্যোগ নেন নাজির আহমেদ। এরই অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে এক্সকাভেটর দিয়ে বালু সরিয়ে কংক্রিটের পাইপ স্থাপনের মাধ্যমে ড্রেনেজ নির্মাণের কাজ শুরু করেন তিনি।
স্থানীয় কৃষকদের জমিতে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশনা অনুসারে সম্পূর্ণ নিজ খরচে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তি জানান। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়ন এবং স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষায় নিজ উদ্যোগেই ড্রেনেজ স্থাপনের কাজ করছেন।
স্থানীয়দের প্রত্যাশা, ড্রেনেজ নির্মাণের কাজ সম্পন্ন হলে জমির দুই পাশের পানি চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন হবে। ফলে কৃষিজমিতে জলাবদ্ধতা কমার পাশাপাশি কৃষকদের চাষাবাদ ও ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. আসাদুজ্জামান বলেন, দুই পাশের পানি নিষ্কাশনের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে ড্রেনেজ ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।