নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানুষ বড়ুয়া, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং স্থানীয় সুধীজন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ইতিহাসের সঠিক চর্চা এবং অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়; এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি, ঐক্য ও সহনশীলতার চর্চার মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।