ইসমত বাহার:
যেখানে আগে বিভিন্ন পোস্টারে ছেয়ে ছিল, আর এখন সেই দেয়ালগুলোতে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে।বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রঙ তুলির আঁচড়ে ফুটে তুলেছে কোটা আন্দোলনের শ্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি।
রোববার (১৮ আগস্ট) মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ও ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দেয়ালে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই সঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতের তুলিতে রঙিন হয়ে উঠেছে। কালো, সাদা, লাল, নীল, হলুদ-এ যেন রঙের এক মেলা! দেখা গেল, কেউ রঙ লাগাচ্ছে, কেউ পানি ছিটাচ্ছে! প্রতিটি মুখে যেন ফুটে উঠছে এক অনাবিল আনন্দ।
রোদের মধ্যেই যেন একটা মায়া লুকিয়ে আছে। কারও হাতে রঙের তুলি, কারও হাতে পানির বোতল- এ যেন এক স্বপ্নের রূপ! প্রতিটি ক্যালিগ্রাফির আঁচড়ে যেন ফুটে উঠছে এক নতুন বাংলাদেশের প্রত্যাশা। এ সময় বিভিন্ন বয়সী ছেলে-মেয়েরা দেয়ালে লিখনে অংশ নেয়।
ড্যাফোডিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী রিজভী আলম রিতুল বলেন, কলেজের সামনের দেয়ালসহ কলেজের জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়াল লিখন চলছে।
দর্শনার্থীরা বলেন, দেয়ালে দেয়ালে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পোস্টার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়ালে দেয়ালে লিখন চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন উক্তি স্লোগান লিখছে, দেখতে খুবই সুন্দর লাগছে।