আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন শ্রীনগর বাজারস্থ এলাকায় ৪ মার্চ আনুমানিক বিকাল ৫ টায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আনুমানিক ২৩,১০,০০০ /- (তেইশ লক্ষ দশ হাজার) টাকা মূল্য মানের ৭,৭০০ (সাত হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মুসা (৩৫), পিতা-মোঃ আমিনুল হক,সাং-দুগাছি, পশ্চিম পাড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত আনুমানিক ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা মূল্যমানের ১টি ইজিবাইক ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিঞ্জের শ্রীনগরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।