কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভিযান চালিয়ে একটি বাজাজ পালসার ডাবল ডিস্ক চোরাই মোটরসাইকেল সহ অান্তঃজেলা চোর চক্রের মূলহোতা মোঃ রাকিব মিয়া (১৯)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই অাসামীর দেয়া তথ্যমতে একই দিন বাজাজ ডিসকভার ১৫০ সিসি’র আর একটি চোরাই মোটরসাইকেল রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল চারটার দিকে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ২৮ জুলাই ২০২৩ ইং তারিখে উলিপুর থানায় মোটরসাইকেল চুরির একটি মামলা দায়ের হয়। পরে উলিপুর থানা পুলিশ উক্ত মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে অনুসন্ধান চলমান রাখে। পরবর্তীতে চোর চক্রের মূলহোতার অবস্থান শনাক্ত করার পর সোমবার (২৮ আগস্ট) দিবাগত সন্ধ্যায় রাজারহাট থানা পুলিশের সহযোগিতায় রাজারহাটের ২নং ছিনাই ইউনিয়নের সেলিম নগর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে রাজারহাটের চাকির পশার এলাকার মোঃ রাকিব মিয়াকে গ্রেফতার সহ একটি বাজাজ পালসার ডাবল ডিস্ক মোটরসাইকেল উদ্ধার করে।
এছাড়াও আসামীর দেয়া তথ্যানুযায়ী গত ১০ আগস্ট ২০২৩ ইং তারিখ উলিপুর থানা এলাকা থেকে চুরি হওয়া আরো একটি মোটরসাইকেল (বাজাজ ডিসকভার ১৫০ সিসি) একই দিন রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে উদ্ধার করে।
ওসি গোলাম মর্তুজা বলেন, “গ্রেফতার ওই অান্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”