ইয়াছিন চৌধুরী(চাটখিল)নোয়াখালীঃ
নোয়াখালী চাটখিল উপজেলা পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ–বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে সব শ্রেণী পেশার মানুষ। ঘণ্টার মধ্যে ৮ থেকে ১০ বার হচ্ছে লোডশেডিং এতে করে ধর্মপ্রাণ মুসলিমসহ সর্ব সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পবিত্র মাহে রমজান মাসে উপজেলার পল্লী বিদ্যুৎ সেবার মান নিয়ে হতাশ পুরো উপজেলা বাসি ।
তাই রোজাদারদের আশা ছিল বিদ্যুতের লোডশেডিং থাকলেও হয়তো ৫ ওয়াক্ত নামাজের সময়, ইফতার ও সেহেরি এবং তারাবীর নামাজের সময় বিদ্যুৎ সেবার মান সহনীয় থাকবে। তবে সেই আশা নিরাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। দিন নেই রাত নেই কেবল আসা-যাওয়ার মধ্যেই থাকে বিদ্যুৎ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিস্তর সমালোচনা।
চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ অর্ধেকে নেমে যাওয়ায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছেন চাটখিল জোনাল অফিসের কর্মকর্তারা।
এ বিষয় জানতে চাইলে চাটখিল জোনাল অফিস সহকারী জেনারেল ম্যানেজার খালিদ হাসান জানান, ২০ রমজান পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। গত ৪-৫ দিন ধরে চাহিদার তুলনায় বিদ্যুৎ অনেক কম পাওয়ার কারনে লোডশেডিং বেড়ে গেছে। চাটখিল জোনাল অফিসে গ্রাহক আছেন প্রায় ৬২ হাজার। এসব গ্রাহকের দৈনিক বিদ্যুতের চাহিদা রয়েছে ১৩ মেগাওয়াটের বেশি। এর মধ্যে আমরা পাচ্ছি সাড়ে ৭ মেগাওয়াট। আশা করা যাচ্ছে, খুব দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটবে এবং বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
তিনি আরো জানান, এলাকাভেদে দিনে ও রাতে লোডশেডিংয়ের শিডিউল তৈরি করা হয়েছিল। তবে সেটিও কাজে আসছে না।
চাটখিল বাজারের মধুবন সুইট এর স্বত্বাধিকারী মহিন উদ্দিনের কাছে লোডশেডিং সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রতিনিয়ত যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তার কারণে আমাদের ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ না পাওয়ার কারণে ফ্রিজের মালামালও ঠান্ডা হচ্ছে না যার কারনে প্রতিদিন হাজার হাজার টাকার মালামাল নষ্ট হচ্ছে।
আবু নাসের রিজভী নামে চাটখিল বাজারের এক গার্মেন্টস ব্যবসায়ী জানান ঈদের বাকি আছে আর মাত্র কয়েকদিন এখন আমাদের ব্যবসার সময়, সারা বছর বসে থাকি এই ঈদ সিজনের অপেক্ষায়, কিন্তু তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় আমার বিক্রয় কর্মীরা অসুস্থ হয়ে পড়ছে যার কারনে বিক্রি স্থবির হয়ে পড়েছে।
চাটখিল পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম মহিউদ্দিন মোশাহেদুল্লাহ জানান, প্রতিদিন ১৫ মেগাওয়াটের বেশি চাহিদা রয়েছে। প্রতিদিন পাওয়া যাচ্ছে মাত্র ১০ মেগাওয়াট।
তিনি আরো বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি এই সমস্যা সমাধান করার জন্য।