মাসুদ রানা, কুড়িগ্রামঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামেও উদযাপিত হয়েছে বাঙালিদের সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। শুক্রবার (১৪ এপ্রিল) স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গনে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের বৈশাখের গানের মধ্যে দিয়ে শুরু হয় বাংলা নববর্ষ ১৪৩০। এ উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো: মঞ্জুর-এ-মুর্শেদ, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, পিপি এসএম আব্রাহাম লিংকন, বীর প্রতীক আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক এসএম হারুন অর রশীদ লাল, আওয়ামী লীগের সহসভাপতি সাইদ হাসান লোবান, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবুসহ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশের সরব উপস্থিতি ও নিচ্ছিদ্র নিরাপত্তা ছিল সার্বক্ষনিক। পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পহেলা বৈশাখ বাঙালিদের সার্বজনীন উৎসব। আমাদের নিজস্ব এই উৎসবকে বেগবান করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চালু করেছে বৈশাখী ভাতা সহ নানাবিধ স্বকীয় উদ্দীপনা, উদ্যোগ, প্রেরণা ও অব্যাহত প্রেষণা। উৎসব উপলক্ষে সারাজেলায় সকল অনুষ্ঠানে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছে জেলা পুলিশ।