কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষিজমিতে হেভি মেটালের মাত্রা বৃদ্ধি পাওয়ায় মাটির উর্বরতা কমছে এবং দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। কৃষি উৎপাদন টেকসই রাখতে মাটি, পানি ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের ৭০ ভাগ মানুষকে সুরক্ষিত রাখতে হলে কৃষি খাতের উন্নয়নের বিকল্প নেই।
শুক্রবার (২০ ফ্রেরুয়ারি-২০২৬) কুমিল্লা সার্কিট হাউসে তিন মন্ত্রণালয়ের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, শিল্পবর্জ্য, অপরিকল্পিত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এবং পরিবেশ দূষণের কারণে কৃষিজমিতে ভারী ধাতুর উপস্থিতি বাড়ছে। এতে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হচ্ছে, উৎপাদনশীলতা কমছে এবং দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।এ পরিস্থিতি মোকাবিলায় মাটি পরীক্ষা কার্যক্রম জোরদার, গবেষণা সম্প্রসারণ, কৃষকদের প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব চাষাবাদে উৎসাহ দেওয়ার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করতে হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী, কুমিল্লা পুলিশ সুপার আসাদুজ্জামান সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়ে নিজ জেলা কুমিল্লায় দুই দিনের সফরে শুক্রবার সকালে কুমিল্লায় আসেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি সফরের দ্বিতীয় দিন শনিবার সকাল ১১টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সাথে কুমিল্লা সার্কিট হাউসে মতবিনিময় করবেন। এরপর একই ভেন্যুতে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।